নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বাবা ও মেয়ে এবং সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে দুর্ঘটনায় প্রাণ গেছে এক শিক্ষকসহ আরো পাঁচজনের।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরো দুই সদস্য। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪০), তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল এবং অটোরিকশাচালক মাহবুব (৪৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী কন্যা আদিবা। তাদের অবস্থার অবনতি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কসবা থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জোসনা বেগম, তার ছেলে আশরাফুল ও অটোরিকশাচালক মাহবুবকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো: আবু তাহের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, সিলেটগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অলি মিয়ার মৃত্যু হয়। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। নিহত ব্যক্তির নাম অতুল চন্দ্র বিশ্বাস (৭২)।
তিনি উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টিয় উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। যিনি এলাকায় ‘টাইগার স্যার’ নামেই অধিক পরিচিত ছিলেন। শুক্রবার সকালে প্রতিদিনের মতো হাঁটাহাঁটি শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত নামা একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অতুল চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী বাস চাপায় নিহত হয়েছেন। অপর দিকে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাথালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।
ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাড়কের ধনবাড়ী পৌরসভার নলহরা বাসস্ট্যান্ড এলাকায় খাদেমুল ইসলাম (৫৫ ) নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনিয়া পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই থানার এসআই ফিরোজ আহমেদ ও এসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটার সাথে সাথেই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত খাদেমুল ইসলাম (৫৫) ধনবাড়ী পৌর এলাকার রূপশান্তি পশ্চিমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
অন্য দিকে বৃহস্পতিবার ধনবাড়ী থেকে তিন বন্ধু মোটরসাইকেলে জামালপুরের দিগপাইতের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল-জয়দেপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর পাথালিয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক বাসের ধাক্কায় তিন বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেয়ার পরে রাকিবুল হাসান (২৪) নামে একজনের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রাকিবুল হাসান (২৪) উপজেলার পাইস্তা ইউনিয়নের ধোকেরখুল এলাকার মৃত আরশেদ আলীর ছেলে। আহতরা হলেন- ধনবাড়ী পৌরসভার চালাষ এলাকার নূরনবীর ছেলে মিঠুন (১৮) ও বিলাসপুর এলাকার শাজাহান আলীর ছেলে সাজ্জাত হোসেন (১৯)।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাস চাপায় অটোভ্যানের চালক ও যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের কিশোরী মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন এবং বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের সোনাউল্লার ছেলে অটোভ্যানচালক নুরু।
বেলকুচি থানার ওসি জাফর ইমাম জানান, সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ‘ঢাকা এক্সপ্রেস’র একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোভ্যানের সাথে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন এবং অটোভ্যানচালক নুরু ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সাথে থাকা মেয়ে তামান্না খাতুন গুরুতর আহত হন।



