কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেলওয়ের জমির অর্ধশতাধিক আমগাছ কেটে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ও স্থানীয় এক ব্যক্তি এসব গাছ কেটে নিয়েছেন, যার বাজারমূল্য লাখ টাকার বেশি।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কৌশলে গাছগুলোর গোড়ার অংশ রেখে ওপরের অংশ কেটে বিক্রি করেছেন। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হারেজ আলীর দাবি, তিনি লিজ নেয়া জমিতে নিজের লাগানো গাছ কেটেছেন। স্টেশন মাস্টার মোশারেফ হোসেন জানিয়েছেন, এটি আলাদা বিভাগের বিষয়। অন্য দিকে চুয়াডাঙ্গার উপসহকারী প্রকৌশলী তদন্তের আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
আইন অনুযায়ী, রেলের জমি লিজ নেয়া হলেও অনুমতি ছাড়া সরকারি সম্পদ বা গাছ কাটার কোনো সুযোগ নেই। লিজের শর্ত ভঙ্গ বা সরকারি সম্পত্তির ক্ষতি করায় আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। স্থানীয়রা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।



