নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই সনদের বাস্তবায়নই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, তাদের জীবন ও আত্মত্যাগকে শিক্ষা, ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘শহীদ আবু সাঈদ হত্যা ও জুলাই যুদ্ধে নিহত শহীদদের স্মরণে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক নূর নবী মানিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তরুণদের নেতৃত্বে সংঘটিত এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে।



