মাকসুদুর রহমান পারভেজ লালমোহন (ভোলা)
ভোলা দ্বীপ জেলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি নলকূপই মাসের পর মাস ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০২২ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর স্থাপিত সাতটি পানির কলও (ট্যাপ) গত কয়েক মাস ধরে বন্ধ। ফলে চরম বিশুদ্ধ পানির সঙ্কটে পড়ে দূর-দূরান্ত থেকে পানি এনে চাহিদা মেটাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
ভর্তি থাকা একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালের অভ্যন্তরীণ পানির ব্যবস্থা বন্ধ থাকায় রাত-বিরাতে বাইরে থেকে পানি আনতে গিয়ে তারা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে নারী স্বজনদের জন্য রাতের বেলা পানি আনা বেশ ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। এ সঙ্কট নিরসনে অতিদ্রুত অকেজো নলকূপ ও পানির কলগুলো মেরামতের দাবি জানিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মী বলেন, দীর্ঘদিন নলকূপ ও কল অকেজো থাকায় তারা এবং রোগীরা বাধ্য হয়ে পাশের মসজিদের নলকূপ থেকে পানি আনছেন। এতে মসজিদের মুসল্লিদের স্বাভাবিক অজু-নামাজেও ব্যাঘাত ঘটছে। জরুরি বিভাগের সহকারীরা জানান, একমাত্র বেসিনটিতে এক মাস ধরে পানি না থাকায় রোগীদের চিকিৎসা ও হস্তপ্রক্ষালনের কাজ শেষ করে অন্য জায়গায় যেতে হচ্ছে, যা জরুরি চিকিৎসাসেবা বিঘিœত করছে।
এ ছাড়া চিকিৎসা নেয়ার স্থানসহ হাসপাতালের মেঝেতেও ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক মো: মাহফুজ জানান, টিউবওয়েল ও পানির কল অকেজো থাকার বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রয়োজনীয় মালামাল ও বরাদ্দ পেলেই তা দ্রুত মেরামত করা সম্ভব হবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: আবু মাহমুদ তালহা জানান, প্রতিটি ওয়ার্ডে পাইপলাইনের পানি সরবরাহ সচল থাকলেও টিউবওয়েল ও ওয়াটার ট্যাবে কিছু সমস্যা রয়েছে। দ্রুতই তা সমাধানের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি জরুরি বিভাগের বেসিন সচল করা এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।



