গালফ নিউজ
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী স্পিডবোট উল্টে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।
জানা যায়, স্পিডবোটটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন ক্রু সদস্য ছিলেন। দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের নিকটবর্তী হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে যানটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা বিভিন্ন নৌকা ও স্পিডবোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানিতে পড়া যাত্রীদের উদ্ধারে হাত বাড়ায়। তবে অনেক যাত্রী স্পিডবোটের ভেতরে আটকা পড়ায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ পর্যন্ত ২১ জনকে জীবিত এবং মৃত ১৫ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।



