ক্রীড়া প্রতিবেদক
গত ৭ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে বিসিবির পূর্বাচল স্টেডিয়ামের মাটি লুটের ঘটনায় ৫ জনকে দায়ী করার খবর প্রকাশ করা হয়। খবরে দাবি করা হয়েছিল, বিষয়টির তদন্তে থাকা স্বাধীন কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে বিসিবিতে। গতকাল এই খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাবেক দুই বোর্ড পরিচালক মাহাবুব আনাম এবং ফাহিম সিনহাসহ বিসিবির বর্তমান সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, কিউরেটর বদিউল আলম খোকন, বোরহান উদ্দিন পাপ্পু এবং উইন্ডস্টার কোম্পানিকে দোষী সাব্যস্ত করে কারণ চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এই খবরের প্রতিবাদে বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘আজ পর্যন্ত অনুসন্ধান কমিটির পক্ষ থেকে কোনো প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেয়া হয়নি এবং কমিটিও আনুষ্ঠানিকভাবে তাদের অনুসন্ধান ফলাফল বোর্ডে উপস্থাপন করেনি। উপর্যুক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে, বিসিবির বিবেচনায় সংশ্লিষ্ট সম্প্রচারে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে যা অনুসন্ধানের বর্তমান অবস্থাকে সঠিকভাবে প্রতিফলিত করে না।’



