রাজশাহী ব্যুরো
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কঠোরভাবে অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ ১৮ বছরের বঞ্চনা কাটিয়ে নতুন বাস্তবতায় যাত্রা শুরু করা এসব কর্মকর্তাকে চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কারিগরি দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নবীন কর্মকর্তাদের সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের মাধ্যমেই পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) অংশ নেন। কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ড. মো: নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’-এই দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ‘বেস্ট একাডেমিক’ অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুন।
অনুষ্ঠান শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি. এম. আজিজুর রহমান।
এতে অন্যদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৫ (বাগমারা) আসনের এমপি ডা: আবদুল বারী সরকার, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মো: আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। ফলে এ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, ‘গতকাল যেসব পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেগুলো পরীক্ষানিরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সেগুলো পরীক্ষা করে থাকে।’
তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং রাজধানীর মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কারা ইন্ধন দিচ্ছে, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্বের সাথে তদন্ত করছে।’
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তুলনামূলকভাবে নাশকতা ও এ ধরনের অপরাধের ঘটনা কমেছে। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয়।
তিনি আরো বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। একই সাথে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে।



