সোনারগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মামুন দলীয় সমর্থনে এগিয়ে

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন। এই নির্বাচনী মাঠে অন্যতম জোরালো প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন। তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, তিনি দলীয় সমর্থনে অনেকটাই এগিয়ে রয়েছেন।

মোস্তাফিজুর রহমান মামুন ছাত্রজীবন থেকেই রাজনীতি, ক্রীড়া ও সমাজসেবায় যুক্ত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গঠিত ‘জাগো ছাত্রদল’ ঢাকা মহানগরের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস বোর্ডের সাবেক সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যা ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাতিল হয়।

নির্বাচনী ভাবনার বিষয়ে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “আমি ছাত্রজীবন থেকেই দল ও মানুষের কল্যাণে কাজ করছি। দল যদি আমাকে উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেয়, তবে বর্তমান সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবকে সাথে নিয়ে সোনারগাঁওকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। বিশেষ করে খেলাধুলা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে আমি কাজ করতে চাই।” তিনি আরো যোগ করেন, “মানুষের সেবা করার জন্যই আমার রাজনীতি। আমৃত্যু আমি সোনারগাঁওবাসীর কল্যাণে নিয়োজিত থাকতে চাই।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে, তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের কৃতী সন্তান মোস্তাফিজুর রহমান মামুনের আগে জামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, সোনারগাঁও থানা যুবদলের সহসভাপতি এবং থানা বিএনপির সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এলাকাবাসীর মতে, মোস্তাফিজুর রহমান মামুন একজন পরোপকারী ও মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি। তার সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমর্যাদার কারণে তিনি দলীয় সমর্থনের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন এবং বর্তমান এমপি আজহারুল ইসলাম মান্নানের সাথে সমন্বয় করে এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন।