আমদানির খবরে একদিনে ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দাম স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এই খবরে রান্নায় অতীব জরুরি পণ্যটির দাম এক দিনের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।

গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ সর্বনিম্ন ২৮০ থেকে সর্বোচ্চ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। রোববার যা সর্বনিম্ন ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

রাজধানীর দুয়ারিপাড়া ও মিরপুর-৬ বাজারে হাইব্রিড কাঁচা মরিচ কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর গাঢ় সবুজ জাতের চাষের মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে কৃষকের জমির কাঁচা মরিচ নষ্ট হয়েছে। ফলে সরবরাহে এই সঙ্কট তৈরি হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়েছিল। এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।

দয়ারিপাড়া বাজারে সবজি বিক্রেতা আকবর আলী বলেন, বৃষ্টির জন্য কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় পাইকারি বাজারে পর্যপ্ত কাঁচা মরিচ আসছে না। বাজারে আজ কিছুটা সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে।

একই বাজারে কাঁচা মরিচ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রোকন উদ্দিন। তিনি বলেন, কাঁচা মরিচের এই অস্বাভাবিক দামবৃদ্ধি পুরোটাই সিন্ডিকেট। তিনি কয়েক দিন আগেই ২০ টাকায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলেন। এখন যা কিনতে ৮০ টাকা দিতে হচ্ছে। যদি সিন্ডিকেটই না হয়, তাহলে রোববার প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ গতকাল ৩০০ টাকায় নামলো কিভাবে।

প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো: আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেয়া হয়েছে। সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।