লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে কাজল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত কাজল উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
একই দিন দুপুরে উপজেলার পদ্মা নদীর বাকনাই চরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে উজ্জ্বল হোসেন (৩৫) নামের আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে এই দণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার আবীর হোসেন জানান, ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



