দীর্ঘ বিরতিতে ক্রিস্টোফার নোলান

Printed Edition
দীর্ঘ বিরতিতে ক্রিস্টোফার নোলান
দীর্ঘ বিরতিতে ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক

বিশ্বখ্যাত হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই দর্শকদের টানটান উত্তেজনা। ক’দিন আগেই, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’।

বরাবরের মতো এবারো বক্স অফিসে ঝড় তুলেছে নোলানের এই সিনেমা। তবে নোলানভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর। এই অস্কারজয়ী মাস্টারমাইন্ড পরিচালক জানিয়েছেন, তিনি সিনেমা পরিচালনা থেকে আগামী অন্তত তিন বছরের জন্য এক দীর্ঘ বিরতি নিচ্ছেন!

হোমারের বিখ্যাত মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে তৈরি এই সিনেমাটি ছিল নোলানের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও খাটুনির কাজ। এক দশক ধরে চলা যুদ্ধ, জাহাজডুবি, দানব আর সমুদ্রযাত্রার গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নোলান ও তার পুরো টিমকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে।

এক সাক্ষাৎকারে নোলান বলেছেন, ‘এই সিনেমাটি বানাতে গিয়ে আমি আমার নিজের এবং টিমের প্রত্যেকের সহনশীলতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম। তবে ওডিসির মতো বিশাল এক মহাকাব্য নিয়ে সিনেমা বানানোর কাজ যদি কঠিনই না ঠেকে, তবে বুঝতে হবে আমরা কাজটা ঠিকঠাক করছি না।’

তিনি জানান, এই বিরতি সিনেমা ছেড়ে দেওয়া নয়, বরং এই অসম্ভব খাটুনির ধকল কাটিয়ে ওঠার একটা ছোট্ট চেষ্টা।

নোলান সবসময়ই বড় পর্দার সিনেমা বা আইম্যাক্স ফরম্যাট পছন্দ করেন। তবে ‘দ্য ওডিসি’ সিনেমা দিয়ে তিনি ইতিহাস গড়েছেন। এটিই বিশ্বের প্রথম বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার পুরো শুটিং করা হয়েছে আইম্যাক্স ক্যামেরায়!

সাধারণত আইম্যাক্স ক্যামেরাগুলো অন্য সাধারণ ক্যামেরার চেয়ে অনেক বেশি ভারী হয় এবং এর শব্দও বেশি থাকে, যা দিয়ে পুরো ছবি শুট করা অত্যন্ত দুরূহ। কিন্তু নোলানের টিম কোনো ভিজ্যুয়াল আপস না করেই নতুন প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে।

প্রায় তিন ঘণ্টার এই বিগ বাজেট সিনেমায় মূল চরিত্র অর্থাৎ রাজা ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া তার স্ত্রীর চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং ছেলের চরিত্রে দেখা গেছে স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে। ছবিতে আরো আছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া ও শার্লিজ থেরনের মতো হলিউডের বাঘা বাঘা তারকারা।

নোলানকে আবার কবে ক্যামেরার পেছনে দেখা যাবে, তা জানতে দর্শকদের অন্তত ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে!