চট্টগ্রামে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোটের প্রচারণা জামায়াতের

Printed Edition
চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযান :   নয়া দিগন্ত
চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারাভিযান : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

বন্দর নগরী চট্টগ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর সরব প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থীরা। গতকাল মহানগর জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক নগরীর মুন্সিপুকুর পাড়, চকবাজার গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে তিনি জামতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এ ছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবরশাহ) আসনের প্রার্থী আনোয়ার ছিদ্দিক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) প্রার্থী শফিউল আলম দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন। এ সময় জামায়াতের প্রার্থী এবং সাথে থাকা নেতা-কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকে এবং হ্যাঁর পক্ষে ভোট চান।

চট্টগ্রাম-২ আসনে নুরুল আমিনের প্রচারণা শুরু : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল শুক্রবার তিনি তার মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি মরহুম বাবা-মায়ের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ন্যায়নীতি ও ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ফটিকছড়ির সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ সময় উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ফটিকছড়ি থানা সাবেক আমির মাস্টার নাজিম উদ্দীন সিকদারসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১০ আসনের হেলালীর গণসংযোগ : গতকাল সকালে চট্টগ্রাম নগরীর ১১ নং কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগকালে হেলালী বলেন, কাট্টলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সেবা বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে শিক্ষা, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, মসজিদের ইমাম, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের গণসংযোগ : চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের নিচিন্তা পার এলাকায় গতকাল শুক্রবার গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এ সময় তিনি এলাকার ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগকালে শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত সমাজ গড়া এবং নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।