১৮ সেপ্টেম্বর কি শুরু হবে লিগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির মৌসুমের আগেই লিগ শেষ করা। সে সাথে ফিফার ট্রান্সফার উইন্ডোর সাথে মিল রেখে বাকি কাজ সম্পন্ন করা। তবে বাংলাদেশের তিন ক্লাব ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ায় বাফুফের পক্ষে ২১ আগস্ট শুরু করা সম্ভব হয়নি চ্যালেঞ্জ কাপ। শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জ কাপ এবার বাদই দিতে হয়েছে বাফুফেকে। এরপর ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট থেকে লিগ শুরুর পরিকল্পনাও ভেস্তে যায় ফুটবল ফেডারেশনের। পরে অবশ্য দেশের দুই বড় ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞা তুলে ফেলে। এই দুই জনপ্রিয় এবং বড় বড় তারকা ফুটবলারদের স্থান দেয়া ক্লাবদের জন্য বাফুফেও বিশেষ ছাড় দেয়। এরপর বাফুফে নতুন করে লিগ শুরুর তারিখ ঘোষণা করে। আর তা ১৮ সেপ্টেম্বর। আর ফেডারেশন কাপ ২২ সেপ্টেম্বর করতে চায় বাফুফে। কিন্তু এখন প্রশ্ন বাফুফে কি এই সময়ে শুরু করতে পারবে ঘরোয়া ফুটবল। বেশির ভাগ ক্লাব জোট পাকানোর ফলেই এই অনিশ্চয়তা। তারা একেবারে নভেম্বরে সাফ ফুটবলের পরে ঘরোয়া ফুটবল খেলতে চায়।

সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বরে আন্তর্জাতিক আসর নিয়ে ব্যস্ততা জাতীয় দল ও ক্লাব ফুটবলের। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়া যাবে আসিয়ান কাপ খেলতে। অনেক চেষ্টা-তদ্বিরের পর এই আসিয়ান কাপে খেলার সুযোগ। এই আসর শুরু হবে ২৫ সেপ্টেম্বর। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব। এই আসরে খেলতে কুয়েত যাবে ফর্টিস এফসি। নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। এই আসরের তারিখ নির্ধারিত ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর।

বাফুফের পরিকল্পনা সাফের আগেই লিগের তিন রাউন্ড শেষ করা। জাতীয় দল আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়া গেলে প্রয়োজনে ক্লাবগুলো জাতীয় দলের খেলোয়াড় ছাড়াই লিগ ও ফেডারেশন কাপ খেলবে। কোনোভাবেই খেলা আর পেছাতে চায় না বাফুফে। তা না হলে সিজন শেষ করা যাবে না।

তবে ক্লাবগুলোর উল্টো সুর। তারা কয় দিনের জন্য ক্যাম্প শুরু করে আবার ক্যাম্প বন্ধ রেখে ফের সাফের পর খেলার জন্য ক্যাম্প শুরু করতে চায় না। তারা একেবারে ১৭ নভেম্বর সাফ ফুটবলের পরই খেলতে চায়। জানা গেছে ২৫ আগস্ট এ নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের ৯ ক্লাব সভা করেছে। এতে তাদের একটাই সিদ্ধান্ত তারা এই সেপ্টেম্বরে লিগ বা ফেডারেশন কাপ খেলবে না। তাদের মতে, এখন ক্যাম্প শুরু করলে তা অব্যাহত রাখতে হবে পুরো সিজন পর্যন্ত। অথচ আসিয়ান কাপ ও সাফ ফুটবলের জন্য লিগ বন্ধ থাকবে। এই সময়ে তারা অযথা চালু রাখার পক্ষে নয়। মোহামেডানের এক কর্মকর্তা জানান, খেলা হবে না আর আমরা ক্যাম্পে খেলোয়াড় রেখে তাদের খাওয়াবো এতো অর্থ নেই। আমরা চাই সাফ ফুটবলের পর শুরু হোক খেলা।

মোহামেডানের ডিরেক্টর স্পোর্টস মোস্তাকুর রহমানের মতে, ‘আমাদের দাবি কোনো ধরনের ব্রেক ছাড়া ফুটবল মৌসুম। অর্থাৎ লিগ শুরু ও শেষ করতে হবে নিরবচ্ছিন্নভাবে।’ তিনি যোগ করেন, ‘জাতীয় দল যখন খেলবে তখন কি আমাদের পক্ষে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া ম্যাচ খেলা সম্ভব। এই মুহূর্তে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল মিলে আমাদের ১৫ জন খেলোয়াড় জাতীয় দলে।’ তার বক্তব্য, ‘বাফুফে আমাদের লিগের ফিকশ্চার জানাক। এরপর আমরা সিদ্ধান্তের কথা জানাবো। বিদেশী কোচ এবং বিদেশী খেলোয়াড় এনে ক্যাম্প শুরু করব।’

বাফুফে লিগ ১৮ তারিখে শুরু করতে চাইলেও তা যে সম্ভব হবে না তা বলাই যায়। কারণ ক্লাবগুলো এখনো প্র্যাকটিসই শুরু করেনি। এ ক্ষেত্রে এগিয়ে ফর্টিস এফসি। তারা এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য ক্যাম্প শুরু করেছে আরো আগেই। পুলিশও আছে অনুশীলনে। তবে শীর্ষ দল মোহামেডানসহ অন্য ক্লাব বাকি ক্লাবগুলো এখনো ক্যাম্প করেনি। এতেই স্পষ্ট ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে না লিগ। এই বিলম্বে বড় লোকসান হয়ে যাবে পুলিশ ও ফর্টিসের। তাদের লম্বা সময় ধরেই ক্যাম্প টানতে হবে। অন্য দিকে নভেম্বরের শেষ দিকে লিগ শুরু করতে গেলে শেষ পর্যন্ত এটি শেষ করতে খুব বেকায়দায় পড়তে হবে বাফুফেকে।

উল্লেখ্য, আজ শেষ হচ্ছে ফিফার নির্ধারিত ট্রান্সফার উইন্ডোর শেষ দিন।