নোয়াখালীতে শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড

Printed Edition

নোয়াখালী অফিস

নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচাতো ভাই শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল দুপুরে নোয়াখালী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার আসামি শাহাদাতকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

শাহাদাত হোসেন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে।

জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সেলিম শাহী এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন। নিহত আসমা (৫) এই বাড়ির মাওলানা মো: শাহাজাহানের মেয়ে।

২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। এ বিষয়ে প্রথমে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ শাহাদাতকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশের কাছে শাহাদাত আসমাকে ধর্ষণের পর হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। সে জানায়, ধর্ষণের ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকির ভেতর লুকিয়ে রাখে । আসামির তথ্যের ভিত্তিতে ঘটনার ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আসমার লাশ উদ্ধার করে পুলিশ । পরে আসামি একইভাবে ১৬৪ ধারা মতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।