ক্রিমিয়া ও ক্রাসনোদারে তেল স্থাপনায় ইউক্রেনের হামলা

Printed Edition

আলজাজিরা

ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ার একটি তেল ডিপো এবং জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যা রাশিয়া তার সামরিক বাহিনীকে রসদ জোগাতে ব্যবহার করত। রাশিয়ার নিয়োগকৃত কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত নেতা সের্গেই আকসিওনভ জানান শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। আলাদাভাবে ক্রিমিয়ার ঠিক পূর্বে অবস্থিত রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একটি তেল পরিবহন স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি যাত্রীবাহী ফেরির একজন যাত্রী নিহত হয়েছেন এবং একটি তেল টার্মিনালে আগুন ধরে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা রাতারাতি ২৩৯টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে ইউক্রেন ক্রিমিয়ার কার্চ শহরের একটি তেল ডিপো এবং ক্রাসনোদরের একটি তেল পরিবহন স্থাপনায় আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। টেলিগ্রাম চ্যানেল ক্রিমস্কি ভেটার জানিয়েছে উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত কার্চ বন্দরের জ্বালানি ডিপোতে আগুন লেগেছে এবং শহরের আকাশে বিশাল ধোঁয়ার মেঘ দেখা গেছে। রুশ কর্তৃপক্ষ রাতারাতি কার্চের সাথে ক্রাসনোদরকে সংযোগকারী সেতুটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।