বরিশাল ব্যুরো
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ওই সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে।
গতকাল বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি সন্তান বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্য দিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।
মন্ত্রী আরো বলেন, তারেক রহমান দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ২৮টি গাড়ির পরিবর্তে চারটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্য দিকে কমেছে সরকারি ব্যয়। প্রধানমন্ত্রী হয়েও তিনি ১০০ টাকার বেশি মূল্যের খাবার গ্রহণ করেন না, এমন উদাহরণ দিয়ে তিনি সরকারের ব্যয়সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।



