দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মাত্র এক ম্যাচ আগেই ১৫ বলে হাফসেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার সেই বিধ্বংসী রূপকেও ছাড়িয়ে গেলেন। ঘরোয়া ক্রিকেটের এই মারকুটে ওপেনার এবার খেললেন রেকর্ড ভাঙা এক টর্নেডো ইনিংস, যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন নজির স্থাপন করেছে। ডিপিএল দশম রাউন্ডে সিটি ক্লাবের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার। ইউল্যাব মাঠে ম্যাচের শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ৪৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

এর আগে ২০২৩ সালের বিসিএলে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি নিজেই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে বসেছিলেন। তবে গতকালের এই ইনিংসের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসলেন সোহান। আউট হওয়ার আগে ১৮তম ওভারে ড্রেসিংরুমে ফেরার সময় সোহানের নামের পাশে জ্বলজ্বল করছিল ৫৮ বলে ১৩০ রানের এক চোখধাঁধানো ক্যারিয়ার সেরা ইনিংস। পুরো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার এবং ১৩টি বিশাল ছক্কায়।

প্রথম ৫০ রান করেন ২৬ বলে ৪টি চার ও ৪টি ছক্কায়। পরের ৫০ রান করেন মাত্র ১৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায়। সেঞ্চুরির পর আরও ৪টি ছক্কা মারেন। তবে শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেটি সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম। এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন সোহান। ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে শীর্ষে সৌম্য সরকার। বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’ সংস্করণে ২৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্বরেকর্ডটি অসি ব্যাটার ডি’আরসি শর্টের।