ধামরাইয়ে বিস্ফোরণে দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে গ্যাসের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বাদশা মিয়া (৪৫) ও তার স্ত্রী সুমনা বাদশা। এর মধ্যে সুমনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্নাঘরের চুলা চালু থাকায় ঘরে গ্যাস জমে ছিল। রাতে চা তৈরির জন্য দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে করে জানালার কাচ ও আসবাবপত্র চুরমার হয়ে যায়। আগুনে সুমনা বাদশার শরীরের প্রায় ৮৫ শতাংশ এবং বাদশা মিয়ার দুই হাতসহ ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্যাস লাইনের লিকেজ ও রাইজার বন্ধ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটেছে।