সংসদ প্রতিবেদক
বাংলাদেশে বছরে প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো: আব্দুল বারী। জাতিসঙ্ঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউনেপের (ইউএনইপি) ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদন তুলে ধরে গতকাল তিনি সংসদকে আরো জানান, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, নতুন সাইলো নির্মাণ এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে গত অর্থবছরে সরকারি খাদ্যশস্য অপচয়ের হার কমে শূন্য দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে।
কুমিল্লা-৯ আসনের এমপি সদস্য মো: আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
এ সময় আবুল কালাম মন্ত্রীর কাছে জানতে চান, দেশে উৎপাদিত খাদ্যের একটি বড় অংশ অপচয় হওয়া রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে খাদ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে।
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ইউনেপের প্রতিবেদনে উল্লেখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের পরিমাণ দেশের সামগ্রিক খাদ্য অপচয়ের চিত্র তুলে ধরে। খাদ্য মন্ত্রণালয় সরকারের বিভিন্ন কর্মসূচির জন্য খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এ প্রক্রিয়ায় কিছু খাদ্যশস্য নষ্ট বা অপচয় হলেও আধুনিক সাইলো ও গুদাম নির্মাণ, সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা বাড়ায় অপচয়ের হার ধীরে ধীরে কমে আসছে।
সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি ব্যবস্থাপনায় খাদ্যশস্যের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন, যা মোট খাদ্যশস্যের মাত্র শূন্য দশমিক ২৮ শতাংশ। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ ছিল ২১ হাজার ৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন বা শূন্য দশমিক ৩১৬ শতাংশ।



