গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

Printed Edition
গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা
গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়-রাইসা

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জয় ও রাইসা দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন। একটা সময় ছিলো যখন তারা দু’জন একের পর এক স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতেন। হিন্দি বাংলা দ্বৈত গানে তারা শ্রোতা দর্শককে ঘণ্টার পর ঘণ্টা গানে গানে সুরে সুরে মুগ্ধ করে রাখতেন। দীর্ঘদিন পর একই স্টেজ শো’তে দু’জনের আবারো গাইবার সুযোগ এলো। দু’দিন আগে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত ‘ঢাকার বুকে মধ্যনগর’ শীর্ষক অনুষ্ঠানে জয় ও রাইসা সঙ্গীত পরিবেশন করেন। যদিও তারা দু’জন শুরুতে এককভাবে সঙ্গীত পরিবেশন করছিলেন। কিন্তু একটা সময় সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমায় খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া সেই বিখ্যাত গান ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি গেয়ে উপস্থিত সব শ্রোতা দর্শকের মাঝে ভীষণ মুগ্ধতা ছড়ান। ‘সাথী তুমি আমার জীবনে’ গানটি সাধারণত এই প্রজন্মের শিল্পীরা যেকোনো অনুষ্ঠানে বিশেষত যাদের দ্বৈত পরিবেশনা থাকে তারা গেয়ে থাকেন। কিন্তু জয় ও রাইসা যেভাবে গানটি পরিবেশন করেন সেভাবে এতটা সুন্দর করে খুব কম শিল্পীরাই গাইতে পারেন। জয় ও রাইসার এই গানের পরিবেশনা শেষে উপস্থিত শ্রোতারা তাদের কন্ঠে আরো ডুয়েট গান শোনার জন্য অনুরোধ করেন। এরপর তারা দু’জন হিন্দি গানও পরিবেশন করেন।