ভবিষ্যৎ চুক্তির লক্ষ্যে ১৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরাইল

Printed Edition

আনাদোলু

হামাসের কাছে কোনো ইসরাইলি বন্দী না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরাইল প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির লাম আটকে রেখেছে। ইসরাইলি দৈনিক হারেৎসের এক খবরে শীর্ষ ইসরাইলি নেতাদের সাম্প্রতিক আলোচনার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়, বেশির ভাগ লাশ গাজার বাসিন্দাদের, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা অথবা পরবর্তী লড়াইয়ে অংশ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। তবে তাদের মধ্যে এমন ফিলিস্তিনিও রয়েছেন, যারা যুদ্ধে অংশ নেননি। ইসরাইল দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনিদের লাশ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। দখলকৃত পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের হত্যা করার পর ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে তাদের লাশ নিয়ে যায়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরাইলের এই দীর্ঘদিনের নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিবারগুলোর কাছে লাশ হস্তান্তরের দাবি জানিয়েছে। ইসরাইলি আইনের অধীনে এসব লাশ আটকে রাখার অনুমতি রয়েছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে তা প্রয়োগ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী লাশ আটকে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইনে বলা হয়েছে যে লাশের প্রতি মর্যাদা প্রদর্শন করতে হবে এবং সম্মানের সাথে ধর্মীয় রীতি মেনে তাদের সৎকার বা দাফন নিশ্চিত করতে হবে।