নিজস্ব প্রতিবেদক
একুশে পদকপ্রাপ্ত মৃত্তিকার কবি আল মুজাহিদীকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানিয়েছেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। গতকাল তার সর্বশেষ জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরশায়িত করা হয়।
প্রথম জানাজা গত শুক্রবার বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। একই দিনে দ্বিতীয় জানাজা রাত ১০টায় উত্তরায় ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোড কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়। তৃতীয় জানাজা গতকাল শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সর্বশেষ জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কবির লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা জানানো হয় বাংলা একাডেমির পক্ষ থেকে। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে কবির লাশ শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। দুপুর ১২টা ১২ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীর প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, যুগান্তর সম্পাদক ও ডিইউজের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম দিদার, বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এ কে এম মহসীন, কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাতসহ কার্যনির্বাহী কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন। বিভিন্ন সাংবাদিক সংগঠন, কবিতা বাংলাদেশ ও জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ও জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় কবির পরিবারের সদস্য ও ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি আল মুজাহিদীর লাশ জানাজার জন্য ভক্ত ও সহকর্মীদের মাঝে আনা হলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো প্রেস ক্লাবজুড়ে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিান ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।



