বিবিসি
ভারত সরকার নতুন নিয়ম জারি করেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে কোনো অবৈধ কনটেন্টের বিষয়ে জানানো হলে তিন ঘণ্টার মধ্যেই তা সরাতে হবে। আগে এই সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা। সংশোধিত এই নির্দেশনা ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং মেটা (ফেসবুক), ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) সহ বড় সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।
সরকার সময়সীমা কমানোর নির্দিষ্ট কারণ জানায়নি। তবে সমালোচকরা মনে করছেন, এটি অনলাইন কনটেন্টের ওপর সরকারের নজরদারি আরো কড়াকড়ি করার অংশ এবং এতে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতে সেন্সরশিপের আশঙ্কা বাড়তে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে অবৈধ মনে হওয়া কনটেন্ট সরাতে সরকার বারবার নির্দেশ দিয়েছে। স্বচ্ছতা প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সরকারিভাবে দেয়া অনুরোধের পর ২৮ হাজারের বেশি ওয়েব লিংক বা ইউআরএল ব্লক করা হয়েছে। নতুন সংশোধনীতে এআই-নির্মিত কনটেন্ট সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।



