কাবাডির মনির আর নেই

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের কাবাডির সক্রিয় মুখ মনির হোসেন আর নেই। গতকাল সকালে যাত্রাবাড়ীর বাসায় ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।

মনির হোসেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ ছিলেন। কাবাডির পাশাপাশি ফুটবলেও ছিলেন অভিজ্ঞ। তিনি প্রথম বিভাগ ফুটবল লিগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের কর্মকর্তা ও রেফারি হিসেবে কাজ করেছেন। স্ত্রী নাসরীন আক্তার বেবী নিজেও সাবেক রেফারি ও বর্তমানে নারী ফুটবল লিগের সাধারণ সম্পাদক। বেবির নামে আছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। মনিরের প্রথম নামাজে জানাজা কাবাডি ফেডারেশনে এবং যাত্রাবাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এর পর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশ কাবাডি ও ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে।