১০ হাজার কোটি টাকার ১০ বছর মেয়াদি সুকুক ইস্যু করছে বাংলাদেশ ব্যাংক

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই ১০ হাজার কোটি টাকা মূল্যমানের ১০ বছর মেয়াদি সুকুক ইস্যু করতে যাচ্ছে। ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির দু’টি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৭ ও ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা দু’টি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা সম্মতিক্রমে এই সুকুক ইস্যুর অনুমোদন দিয়েছেন। এতে বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।

এই সুকুক ইস্যুর প্রধান উদ্দেশ্য হলো সরকারি ও সামাজিক অবকাঠামো উন্নয়নে তহবিল সংগ্রহ। এর আওতায় গণপূর্ত অধিদফতর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের নির্দিষ্ট রেলসেবা সম্প্রসারণ অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সুকুকটির ইস্যু ও ব্যবস্থাপনা করবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আগামী ১৪ জানুয়ারি ২০২৬ থেকে এর ইস্যু কার্যক্রম শুরু হবে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি দীর্ঘমেয়াদি ও তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সুকুক ইস্যু অর্থনীতিতে একাধিক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমত, এটি সরকারের ভর্তুকিমূলক ও প্রচলিত ঋণের ওপর নির্ভরতা কমিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থিতিশীল ও বিকল্প তহবিলের জোগান দেবে। দ্বিতীয়ত, ইসলামী ফাইন্যান্স পদ্ধতিতে অর্থ সংগ্রহের মাধ্যমে বিনিয়োগকারীরা শরিয়াহসম্মত ও নিয়মসাপেক্ষ রিটার্ন পাবেন, যা বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

বিশ্লেষকরা আরো মনে করছেন, দীর্ঘমেয়াদি এই সুকুক ইস্যু দেশের পুঁজিবাজারের জন্যও একটি ইতিবাচক বার্তা। সরকারি অবকাঠামো প্রকল্পের সাথে সরাসরি সম্পৃক্ত থাকায় এতে ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং একই সাথে এটি ইসলামী ফাইন্যান্স বাজারকে আরো শক্তিশালী করবে। তবে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে তহবিলের সঠিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুকুক ইস্যুর মাধ্যমে জাতীয় অবকাঠামো উন্নয়ন, সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা এবং রেলসেবা সম্প্রসারণে অর্থায়ন সহজ হবে। সংশ্লিষ্ট সব পক্ষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিনিয়োগ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।