টেস্টে এটাই বড় অর্জন-আকরাম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ যে শক্তিশালী যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে সেটার জানান দিচ্ছিল গত কয়েক বছর ধরেই। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সে দেশে, এরপর ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হারানো। বাকি ছিল অস্ট্রেওলিয়ার মাটিতে তাদের বিপক্ষে জয়। সেটাও গতকাল ধরা দিলে ডারউইনে। মাত্র চার দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে টাইগাররা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে এর আগে দেশে হারিয়েছিল বাংলাদেশ। তবে ডারউইনে পাওয়া এই জয়কে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মানছেন সাবেক অধিনায়ক আকরাম খান।

বাংলাদেশের সাবেক দলপতি আকরাম খান এএফপিকে বলেছেন, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটিই সবচেয়ে বড় অর্জন।’ তিনি যোগ করেন, ‘এটা এমন একটি বিষয়, যেটা আমরা স্বপ্ন দেখতাম। তবে বাংলাদেশ এভাবে দাপট দেখিয়ে জয় পাবে- আমাদের কেউ-ই তা আশা করিনি। আমরা ভীষণ খুশি এবং গর্বিত।’ ডান হাতি সাবেক এই ব্যাটারের মতে, ‘এই বড় জয় কোনো একক খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সের ফল নয়; বরং তা সম্মিলিত পারফরম্যান্সেরই ফসল।

বাংলাদেশের সাবেক স্পিনার ও জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক মনে করেন, এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে আরো বেশি টেস্ট খেলার সুযোগ করে দেয়ার দাবি জোরালো করেছে। তার যুক্তি, ‘আপনি যদি এই টেস্ট এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থান দেখেন, তাহলে কেন আমাদের আরো বেশি সুযোগ দেয়া হবে না’। দেশের ক্রিকেটের অগ্রগতির পেছনে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিনের বিনিয়োগকেও কৃতিত্ব দিয়েছেন রাজ্জাক।