জনগণ এখনো সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে : গোলাম পরওয়ার

Printed Edition
নরসিংদীতে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত
নরসিংদীতে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে- তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়া অনুযায়ী আমরা এই সিদ্ধান্তের ভার তাদের ওপর ছেড়ে দিয়েছি। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি, জনগণ এখনো সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে। ফ্যাসিবাদী শক্তিকে এই দেশের জনগণ কখনো বরদাশত করবে না। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সব রক্তচক্ষু উপেক্ষা করে জনগণই কিন্তু ফ্যাসিবাদের রানীকে দেশ ছাড়তে বাধ্য করেছিল।

গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি সব কিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করে।

জেনেভা কনভেনশন আইন, বন্দী বিনিময় আইন, সব কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য আরাম-আয়েশে দিল্লিতে তাকে থাকার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই; কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে রাষ্ট্র সংস্কারে ৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। ৩১ দফার এক নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে, ‘আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব।’ কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল।

তিনি আরো বলেন, বিএনপির উচিত দেশকে সঙ্ঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলেই সঙ্কটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।

গোলাম পরওয়ার বলেন, নতুন সরকার আসার পর কয়েক মাসে দেশে অসংখ্য জনদুর্ভোগ চলছে। অসহনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি; হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণসহ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ, তাদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না; তাদের উদ্ধার, পুনর্বাসনের তেমন কোনো সরকারি পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও সমালোচনা করেন তিনি।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো: ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে এবং টীম সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।