ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও ফুটবলে নিজের প্রেরণা নেইমারকে ভুলেননি স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। শিরোপা জয়ের পর সেটি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে উৎসর্গ করলেন এই তরুণ ফুটবলার।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সে নিকোর অ্যাসিস্ট থেকেই দারুণ ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান তোরেস। নিকো নিজেও একবার বল জালে পাঠিয়েছিলেন। তবে মিকেল মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল হয়। ফাইনাল জয়ের পর কাজে টিভিকে দেয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নিকো। সেখানেই উঠে আসে নেইমারের নাম। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আমার আদর্শ নেইমার। আশা করি তিনি আমাদের খেলা দেখছেন। এই শিরোপাটাও তার জন্য।’
নিকো বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও নেইমারের বিশ্বকাপ-যাত্রা থেমেছে আরো আগেই। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপ দলে জায়গা পেলেও বেঞ্চেই বেশির ভাগ সময় কেটেছে নেইমারের। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে তাকে নামান আনচেলত্তি। এরপর শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে যাওয়া ম্যাচেও বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে একটি গোলও করেন। তবে আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ-যাত্রা থেমে যায় সে ম্যাচেই।



