ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটে হ্যাঁ তে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন। আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট যেন তৈরি না হয়, সে কারণে আমরা গণভোটে হ্যাঁ ভোট দেবো। গতকাল দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে তিনি আরো বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই। কে সংস্কার চায়, আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। যারা চান দেশটা নতুনভাবে উন্নয়নের পথে চলবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।
তারেক রহমান সম্পর্কে মির্জা আলমগীর বলেন, তারেক রহমান ঠাকুরগাঁও-এর জনসভায় এসে প্রতিপক্ষের কোনো সমালোচনা করেনি। তিনি নিজে কী করবেন তা শুধু জনগণকে জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।
তিনি আরো বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।
হিন্দু মুসলমান বেধেছি জোট ধানের শীষে দেবো ভোট এ স্লোগান দিয়ে তিনি বলেন, আপনারা সংখ্যালঘু না, আপনারা এই দেশেরই নাগরিক। তাই মনে সাহস সঞ্চয় করুন, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
নির্বাচনী এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দলটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারা অতীতেও স্বাধীনতার প্রশ্নে ভুল অবস্থানে ছিল এবং এখনো জনগণের কল্যাণ চায় না।
রোববার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দেবদারু তলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ ফরহাদ হোসেন আজাদের পক্ষে আয়োজিত এ জনসভায় তিনি বক্তব্য দেন।
তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে সমস্যা তৈরির চেষ্টা চলছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেয়া যাবে না। ১২ তারিখের নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচনে পরিণত করতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, তারেক রহমানের বিজয়।
বিএনপির ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যিনি স্বাধীনতার ঘোষণাকারী এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার শাসনামলেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয় এবং দেশের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছিল।
তিনি দাবি করেন, দেশের মানুষের চাহিদা পূরণ ও একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে একমাত্র বিএনপিই সক্ষম। অন্য দিকে জামায়াতে ইসলামীর সে ধরনের কোনো অভিজ্ঞতা নেই এবং ভবিষ্যতেও তারা তা পারবে না।



