চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী সমারম্ভ (ওরিয়েন্টেশন) অনুষ্ঠান। সোমবার সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভেটেরিনারি মেডিসিন অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, বিভাগীয় প্রাণিসম্পদ দফতর, চট্টগ্রামের ডেপুটি চিফ ইপিডেমিওলজিস্ট ডা: জাকিরুল ফরিদ এবং এমএএস অ্যাডিটিভস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা: রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। পরে ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক প্রেজেন্টেশন দেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন। বেলা ২টায় প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের সমারম্ভ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভিসি ও ওই অনুষদের ডিন (অ.দা.) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন এবং সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক। অনুষ্ঠানে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ক্যারিয়ার সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদ্দাম হোসেন এবং অনুষদ সম্পর্কিত উপস্থাপনা প্রদান করেন এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালী। বিজ্ঞপ্তি।



