ভেনিজুয়েলায় মাচাদোকে ছাড়াই ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে

Printed Edition

এএফপি

যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনিজুয়েলার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে রাজনৈতিক সংলাপ আজ শনিবার শুরু হতে যাচ্ছে। তবে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এতে অংশ না নেয়ায় তার সমর্থকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অন্য দিকে, বামপন্থীরাও এই প্রক্রিয়া নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে। জুলাইয়ের শুরুতে ঘোষণা দেয়া এই আলোচনায় শুধু ওয়াশিংটনের অনুমোদিত প্রতিনিধিদের অন্তর্ভুুক্ত করা হয়েছে বলে তাদের অভিযোগ।

আলোচনার আগে দেশটির দুই রাজনৈতিক পক্ষই বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, আলোচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভোটার ব্যবস্থার উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। গত মাসে ভয়াবহ ভূমিকম্পে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানির আগেও ভেনিজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে পড়ে।

মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তখন থেকে যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি সবুজ এলাকায় মঙ্গলবার মাচাদোর সমর্থক প্রায় ৩০০ বিক্ষোভকারী জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।

সাবেক আইনপ্রণেতা ৭৪ বছর বয়সী উইলিয়ামস দাভিলা বলেন, ‘জনগণ আশাবাদী যে আমরা অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব।’ নির্বাসিত বিরোধী নেতা গঞ্জালেস উরুতিয়ার রাজনৈতিক মিত্র মাচাদো ভেনেজুয়েলায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আসন্ন আলোচনায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। নোবেলজয়ী এই নেতা বলেছেন, তিনি আলোচনা শুরুর বিরোধী নন, তবে এতে অংশ নেবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দেয়ার সিদ্ধান্তও তার দেশে ফেরার পথ সহজ করতে পারেনি।