জাবি প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ।
বুধবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
কর্মসূচীতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই মানেই ঐক্য; অনৈক্য, বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি নতুন জাতীয় চেতনার নাম জুলাই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। সবাইকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভাজন ও ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভে জুলাইয়ের সহযোদ্ধা, শিক্ষক ও সাহসী সাংবাদিকদের এক সাথে দেখতে পেরে তিনি আনন্দিত। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



