মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বন্ধ থাকা সব কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিল পুনরুজ্জীবিত করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। গত শনিবার টাঙ্গাইল কটন মিল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারে বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতি ছিল। জনগণ আমাদের বিজয়ী করায় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ এই কারখানা পরিদর্শনে এসেছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কিংবা দেশী-বিদেশী যৌথ বিনিয়োগে কারখানাটি দ্রুত চালু করা হবে। প্রায় ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই কারখানাটি অচিরেই শ্রমিকদের পদচারণায় মুখরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বিটিএমসির সচিব ও পিপিপি প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, ইউএনও খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



