ক্রীড়া প্রতিবেদক
মিরপুর টেস্টের চতুর্থ দিনে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টি ও আলোকস্বল্পতার দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫২। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে তারা ১৭৯ রানে। চতুর্থ দিনে খেলা হলো ৪৮.৪ ওভারে। তার পরও ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। টাইগাররা পঞ্চম দিনে আরো ২০ থেকে ২৫ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে অন্তত ২৬০ রানের লক্ষ্য দিতে চায়। শেষ দিনে কিভাবে জিততে পারে দল, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সেটির সম্ভাব্য একটি চিত্র মেলে ধরলেন।
টেস্টের প্রথম চার দিনই আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা হয়নি। শেষ দিনে ৯৮ ওভার পুরো হওয়ার সম্ভাবনাও তাই ক্ষীণ। ম্যাচ জিততে হলে প্রথম সেশনে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি পরে অসাধারণ বোলিংও করতে হবে বাংলাদেশকে। আপাতত আশার খবর, শেষ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা তেমন একটা নেই।
এখনো পর্যন্ত যা চিত্র, তাতে বাস্তবে ড্র’য়ের সম্ভাবনা বেশি। বাংলাদেশ যদি পরাজয়কে সমীকরণের বাইরে ঠেলে দিতে নিরাপদ অবস্থানে যেতে চায়, তাহলে হয়তো গোটা প্রথম সেশনই ব্যাট করতে হবে। সে ক্ষেত্রে জয়ের সম্ভাবনাও মিইয়ে আসবে অনেকটা। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, বাংলাদেশ আরো দ্রুতগতিতে রান তুলতে পারত কি না। ওভারপ্রতি রান তুলেছে তারা তিন করে। তবে আশরাফুল একমত হলেন না এই ভাবনার সাথে, ব্যাটারদেরই বাহবা দিলেন।
তার কথায়, ‘ধীরগতিতে তো খেলেনি ব্যটাররা। টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয়, আমি মনে করি আমরা ওভাবেই খেলছি। বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। নিয়ন্ত্রণের বাইরের ব্যাপার। আমি বলব, এখনো উইকেটে যে সহায়তা আছে, আমরা যদি কালকে (আজ) সকালে একটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে এই ম্যাচ জেতা সম্ভব।’
বলাটা সহজ কিন্তু করাটা কঠিন : সালামান আগা
সরাসরি আশরাফুলের জয়ের চিন্তার কথার বিরোধিতা না করলেও পাকিস্তানের সালমান আলি আগা খুব কৌশলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আশরাফুলকে। তার কথায়, ‘আমি বলছি না যে, তারা (বাংলাদেশ) এখান থেকে হাত খুলে খেলে আমাদের ২৬০ প্লাস রানের টার্গেট দিতে পারবে না। পারবে। তবে যেটা বলা হয়েছে, তা হয়ত হবে না।’
সালমান যোগ করেন, ‘বাংলাদেশ ব্যাটিং কোচ যতই বলুন না কেন যে, ৭০ ওভারে আমাদের (পাকিস্তানকে) ২৬০ প্লাস টার্গেট ছুড়ে দেবে। আমার মনে হয় বাংলাদেশ আরো সেইফ খেলতে চেষ্টা করবে। আমাদের বড়জোর ৫০ ওভার ব্যাট করার সুযোগ দিতে পারে। বলা সহজ তবে করাটা কঠিন।’



