প্যারিসে বাংলাদেশী আলোকচিত্রী রনির স্বীকৃতি

Printed Edition
প্যারিসে বাংলাদেশী আলোকচিত্রী  রনির স্বীকৃতি
প্যারিসে বাংলাদেশী আলোকচিত্রী রনির স্বীকৃতি

ফ্রান্স থেকে প্রতিনিধি

বাংলাদেশী আলোকচিত্রী ফরিদ আহাম্মদ রনির প্রকাশিত চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’ (ইমেজেস অব প্যারিস) ফ্রান্সের রাজধানী প্যারিসে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। প্যারিসের টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শহরের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার গ্রন্থটি গ্রহণ করেন এবং এর শিল্প ও সাংস্কৃতিক গুরুত্বের প্রশংসা করেন।

৩০ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় ফরিদ আহাম্মদ রনির সাথে মেয়র গ্রেগোয়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এ সময় প্যারিসকে কেন্দ্র করে নির্মিত তার আলোকচিত্রভিত্তিক প্রকাশনা, এর নান্দনিক উপস্থাপন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে প্যারিসের ঐতিহাসিক স্থাপত্য, শিল্প ঐতিহ্য, নগরজীবন ও সাংস্কৃতিক আবহ আলোকচিত্র ও বর্ণনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটি প্যারিসের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক পাঠকের সামনে উপস্থাপন করে।

দীর্ঘ গবেষণা, পরিকল্পনা ও আলোকচিত্র সংগ্রহের ভিত্তিতে প্রকাশিত ‘প্যারিসের ছবি’ প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স ও বাংলাদেশের গবেষক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতা ছিল। ফরিদ আহাম্মদ রনির ভাষায়, আলোকচিত্র কেবল নান্দনিক প্রকাশের মাধ্যম নয়, ইতিহাস ও সময়ের দলিলও।