সিলেট ব্যুরো
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত উচ্চপর্যায়ের আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, অবৈধ ব্যবসার সাথে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি অবৈধ করাতকল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কার্যকর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বিভাগীয় কমিশনার জানান, পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হবে। এ সময় তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কাজের প্রশংসা করে আগামীতেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অপমৃত্যু কমাতে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মসজিদের ইমামদের জুমার খুতবায় আত্মহত্যার কুফলসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখা, কৃষিজমির টপ সয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকার গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রশাসকসহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



