আর্মেনিয়ার নির্বাচনে পাশিনিয়ানের বড় জয়

Printed Edition

ডয়চে ভেলে

ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশ আর্মেনিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তার নেতৃত্বাধীন সিভিল কনট্র্যাক্ট পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। এর ফলে টানা দ্বিতীয় মেয়াদে এককভাবে সরকার গঠনের জোরালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে পাশিনিয়ানের।

আর্মেনিয়া ঐতিহ্যগতভাবেই রাশিয়ার প্রভাববলয়ের একটি রাষ্ট্র। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক জোরদারের পথে হাঁটছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগেই প্রশ্ন উঠেছিল- দেশটি কি পশ্চিমা বিশ্বের দিকে আরো ঘনিষ্ঠ হবে নাকি মস্কোর সাথেই সম্পর্ক বজায় রাখবে? তবে সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে রুশপন্থী দলগুলোকে বড় ব্যবধানে হারিয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে পাশিনিয়ানের দল। গতকাল সোমবার আর্মেনিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। ২৩ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রের ফল গণনা শেষে দেখা গেছে, ক্ষমতাসীন সিভিল কনট্র্যাক্ট পার্টি ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। অন্য দিকে, রুশ-আর্মেনীয় ধনকুবের স্যামভেল কারাপেতিয়ানের নেতৃত্বাধীন স্ট্রং আর্মেনিয়া জোট পেয়েছে ২৩ দশমিক ২ শতাংশ ভোট।