বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন লাক্স তারকাখ্যাত অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো- ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’। এরই মধ্যে গাজীপুরের পুবাইলে শুটিং সম্পন্ন হলো মোশাররফ করিম-নীলার ‘বউ প্যারা দেয়’ শিরোনামে একটি নাটকের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। কমেডি ঘরানার এই নাটকটিতে আরো অভিনয় করেছেন জয়রাজ, সান্তনা, সাজ্জাদ সাজুসহ আরো বেশ কয়েকজন। আগামী রোজার ঈদে নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী স্ত্রীর সম্পর্কের অম্লমধুর বিভিন্ন ঘটনা নিয়ে রচিত হয়েছে নাটকটি। এর আগেও নীলা আমার সাথে অভিনয় করেছে। মন দিয়ে অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরো ভালো করবে।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাই অনেক বড় একজন অভিনেতা, তাকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তার পরও বলব, তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী। কিন্তু তিনি আমাকে সবসময়ই ভীষণ সহযোগিতা করেন, অভিনয় আরো ভালো করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তাও পেয়েছে। আমি মোশাররফ ভাইয়ের সাথে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি বউ প্যারা দেয় নাটকটি দর্শকের ভালোলাগবে।’


