ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পরিবারের তিনজন দগ্ধ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা নতুনবাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) ও তার ভাগ্নি আপছা (৮)। সবার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ জসিম জানান, দগ্ধ শাহীন একটি দোকানের কর্মচারী, পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুনবাজার ১০০ ফিট রোডে ছয়তলা ভবনের নিচতলায় থাকতেন। ভোরের দিকে বিকট শব্দে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়। পরে আমরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকায় একটি বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ্যে শাহিনের ৫০ শতাংশ, তার স্ত্রীর ফাহিমার ৪৫ শতাংশ ও ভাগ্নি আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।