উচ্ছেদের নির্দেশের পরই গাজায় ইসরাইলি বিমান হামলা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। গত বৃহস্পতিবারের এ হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, গাজার চারটি এলাকায় আগে থেকেই সরিয়ে নেয়ার সতর্কবার্তা জারি করে ইসরাইলি বাহিনী। পরে ওই এলাকাগুলোতেই ব্যাপক বোমাবর্ষণ করা হয়।

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় নিহত ৫

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদার বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেরুসালেম গভর্নরেট এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল শহরে দখলদাররা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন চারজন।