ছাত্রলীগ সভাপতির কক্ষ ছাত্রদল সভাপতির নামে বরাদ্দ!

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শহীদ আজিজ হলের রুম বণ্টনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উদ্যোগে লটারির মাধ্যমে প্রস্তুত করা রুম বণ্টনের তালিকা চূড়ান্ত বরাদ্দে পুরোপুরি অনুসরণ করা হয়নি। বিশেষ করে ৩০৩ নম্বর কক্ষ খালি রাখা হয়েছে এবং কয়েকটি কক্ষের বরাদ্দ পরিবর্তন করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৩০৩ নম্বর কক্ষের আশপাশের কয়েকটি কক্ষে ছাত্রদলের পদধারী ও সক্রিয় কর্মীদের স্থান দেয়া হয়েছে।

৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো: পারভেজ রহমান বলেন, “লটারি অনুযায়ী আমার ৩০৫ নম্বর রুম পাওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত নোটিশে আমাকে ২০৬ নম্বর রুম দেয়া হয়েছে। একইভাবে ৩০২, ৩০৪ ও ৩০৫ নম্বর কক্ষের বরাদ্দ পরিবর্তন করা হয়েছে এবং ৩০৩ নম্বর কক্ষ খালি রাখা হয়েছে। কেন শুধু এই কক্ষগুলোতে পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে আমরা সন্তোষজনক ব্যাখ্যা পাইনি।”

রুম বণ্টনের বিষয়ে জানতে শহীদ আজিজ হলের প্রভোস্ট ড. আহসান হাবীরের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সহকারী হল প্রভোস্ট সোহাগ বাবু বলেন, “বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করে খালি কক্ষগুলো পর্যায়ক্রমে বরাদ্দ দেয়া হবে। শিক্ষার্থীদের নিজেদের লটারিতে নির্ধারিত রুম দিতে প্রশাসন বাধ্য নয়। ৪৯তম ব্যাচ প্রশাসনকে না জানিয়েই লটারি করেছে।

এ দিকে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হল প্রশাসনের নামে একটি ভুয়া নোটিশ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, উপাচার্যের ‘বিশেষ সুপারিশ’ এবং হল প্রভোস্টের ‘বিশেষ বিবেচনায়’ বুটেক্স ছাত্রদলের সভাপতি মো: শাহাদাত হোসেনকে (কাজল) ৩০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে। তবে পরে একই তারিখ ও স্বাক্ষরসংবলিত প্রকৃত নোটিশ প্রকাশ্যে আসে, যেখানে এ ধরনের কোনো বরাদ্দ বা বিশেষ সুপারিশের উল্লেখ ছিল না। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

কাজল বলেন, কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এসব করছে। এ বিষয়ে কোনো অফিসিয়াল ডকুমেন্টে আমার নাম নেই। হলে কোনো রুম নোরও আমার কোনো পরিকল্পনা নেই।

৪৮তম ব্যাচের শিক্ষার্থী ধ্রুব সাহা রুদ্র বলেন, ৩০৩ নম্বর কক্ষ বুটেক্স ছাত্রদলের সভাপতিকে বরাদ্দ দেয়া হলে তা নিন্দনীয়। ছাত্ররাজনীতি নিষিদ্ধ এই ক্যাম্পাসে রাজনৈতিক বিবেচনায় রুম বরাদ্দের অভিযোগ উদ্বেগজনক। স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, প্রয়োজনে লটারির মাধ্যমে বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, শহীদ আজিজ হলের ৩০৩ নম্বর কক্ষটি একসময় নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স শাখার তৎকালীন সভাপতি তরিকুল ইসলাম টিপুর দখলে ছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি হল ছাড়তে বাধ্য হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্ষটি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।