ইরানের সাথে চুক্তির উদ্যোগে ইসরাইল সম্পৃক্ত গোষ্ঠীর আক্রমণের শিকার ভ্যান্স

Printed Edition
ইরানের সাথে চুক্তির উদ্যোগে ইসরাইল সম্পৃক্ত গোষ্ঠীর আক্রমণের শিকার  ভ্যান্স
ইরানের সাথে চুক্তির উদ্যোগে ইসরাইল সম্পৃক্ত গোষ্ঠীর আক্রমণের শিকার ভ্যান্স

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মার্কিন জনমত গড়ে তুলতে ইসরাইল সরকারের কিছু সদস্য প্রভাব খাটানোর চেষ্টা করছেন। গত বুধবার মার্কিন পডকাস্টার জো রোগানের সাথে এক সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের কড়া সমালোচনা করেন।

যুদ্ধ বন্ধে গত মাসে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়ে জেডি ভ্যান্স বলেন, ‘ইসরাইল সরকারের কিছু সদস্য চান সামরিক অভিযান চলুক। তাই তারা যুক্তরাষ্ট্রকে ওই চুক্তির পথ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।’ ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ভ্যান্স এর আগেও ইসরাইলের সমালোচনা করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্য আরো স্পষ্ট হয়ে উঠেছে।

জো রোগানের সাথে সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘আমি যে চুক্তির জন্য কাজ করছিলাম, সেটি ভেস্তে দিতে বিদেশী অর্থায়নে প্রচার চালানো হচ্ছে, যাতে জনমত চুক্তির বিরুদ্ধে যায়।’ টাইম সাময়িকীতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন ভ্যান্স। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ সম্পর্কে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ইসরাইলের পক্ষে ডিজিটাল প্রচার চালানোর জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক এক ব্যবস্থাপককে নিয়োগ দেয়া হয়েছিল।

ভ্যান্স বলেন, আলোচনা ও চুক্তি ভণ্ডুল করার উদ্দেশ্যে অত্যন্ত গোপনে এবং বিপুল অর্থায়নে প্রচারণা চালানো হয়েছে। ভ্যান্স মনে করেন, ইসরাইলি সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন, যারা মার্কিন জনমতকে প্রভাবিত করে অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে চান।

ওয়াশিংটন থেকে আল-জাজিরার সাংবাদিক প্যাটি কালহেন বলেন, ভ্যান্স যে ইসরাইল-সম্পৃক্ত প্রচারণার কথা বলেছেন, তার মূল লক্ষ্য সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থকদের প্রভাবিত করা। যুক্তরাষ্ট্রের ইসরাইল-নীতি নিয়ে এই সমর্থকগোষ্ঠীর মধ্যে ক্রমেই মতভেদ বাড়ছে। কালহেন মনে করেন, এ কারণেই ভ্যান্স জো রোগানের পডকাস্টে গিয়েছেন। জো রোগান যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় পডকাস্টারদের একজন। বিশেষ করে ‘মাগা’র সমর্থক তরুণদের মতামত গঠনে তার বেশ প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরো দাবি করেন, ইরানের সাথে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেয়ায় ইসরাইল-সম্পৃক্ত একটি গোষ্ঠী তাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। ভ্যান্স বলেন, ‘দেশের জন্য প্রেসিডেন্ট যে আলোচনার লক্ষ্য ঠিক করেছেন, আমি সেটি বাস্তবায়নের চেষ্টা করছি। আর সে কারণেই আমার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হচ্ছে।’ ভ্যান্স আরো বলেন, ‘মিত্র হোক বা প্রতিপক্ষ- সব দেশই যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। ইসরাইলও এমন চেষ্টা করে থাকে, এতে আমার আপত্তি নেই। তবে আমার উদ্বেগ তখনই, যখন এ ধরনের প্রভাব বিস্তারের প্রচারণা সত্যিই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে।’ ভ্যান্স গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তির পক্ষেও কথা বলেছেন। যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে করা ওই চুক্তি নিয়ে ইসরাইলে ব্যাপক বিরোধিতা আছে।

তবে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় ওই শান্তি চুক্তি কার্যত ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। ইসরাইলের প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র সর্বশেষ ইরান যুদ্ধের সাথে জড়াতো বলে তিনি মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি।’ ভ্যান্স আরো বলেন, ‘ইসরাইলের প্রভাবের বিষয়টি আলাদা। তবে প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং আমিও একমত, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’