বিএজের প্রতিবেদন

জুনে হামলা মামলা ও হুমকির শিকার ৫৯ সংবাদকর্মী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুন মাসেও বাংলাদেশের সংবাদকর্মীদের জন্য কর্মপরিবেশ ছিল অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে সাংবাদিকরা শারীরিকভাবে হামলা, নির্যাতন, আইনি হয়রানি এবং জীবননাশসহ নানা হুমকির সম্মুখীন হয়েছেন। দেশের মূল ধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত তথ্যানুযায়ী, এই মাসে অন্তত ৫৯ জন সংবাদমাধ্যমকর্মী বিভিন্ন ধরনের নিগৃহের শিকার হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বিএজে’র মাসিক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সারা দেশে অন্তত ৪০টি ঘটনায় ৫১ সংবাদকর্মী শারীরিক হামলা, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এসব হামলায় মাদক ব্যবসায়ী, রাজনৈতিক দলের উশৃঙ্খল নেতাকর্মী, পেশাজীবী ও ঠিকাদাররা জড়িত। এছাড়া সাংবাদিকরা নিজেরাও একে অপর হামলার মতো ঘটনাও ঘটেছে এ মাসে। নিগৃহের শিকারদের মধ্যে তিনজন স্থানীয়, সামাজিক ও জায়গা-জমি নিয়ে হামলার শিকার হন।

জুন মাসে মোট ছয়জন সাংবাদিক আইনি হয়রানি ও গ্রেফতার হয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিরকর তথ্য প্রচারের’ অভিযোগে একই সংবাদমাধ্যমের চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় করা একটি চাঁদাবাজি মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামি করা হয়। তিনি সেদিন হামলার ঘটনা ভিডিও করছিলেন। অপরদিকে সাতক্ষীরার এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এছাড়া শুধুমাত্র হুমকি ও ডাকাতির শিকার হয়েছেন দুই সংবাদকর্মী।