সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত

গোপালগঞ্জের মুকসুদপুরে কদমপুর হাফেজিয়া মাদরাসায় ক্যালকুলেটর চুরির অভিযোগে মো: আহম্মদ মোল্যা (৭) নামে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। আহত শিশুটি বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে ডালিকান্দী গ্রামের শাওন মোল্যার ছেলে এবং কায়দা বিভাগের ছাত্র। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্যাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শিশুটির বাবা অভিযোগ করে জানান, এক বছর ধরে ছেলে সেখানে পড়াশোনা করছে, এত ছোট শিশুর পক্ষে এমন কাজ সম্ভব নয়। তবে শিক্ষকের ভাই মারধরের কথা অস্বীকার করে দাবি করেন, শিশুটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু ওই শিক্ষার্থীর পিঠে ও শরীরের বিভিন্ন স্থানের লাঠি দিয়ে মারধরের চিহ্ন রয়েছে। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শিক্ষককে আটক রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা।

ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক জনগণের সঠিক ইপিআই টিকা প্রাপ্তি নিশ্চিত ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন’, ‘ডিডিআই সাউথ এশিয়া’ ও ‘অ্যাকাউন্টেবিলিটি ল্যাব’-এর সহায়তায় ‘প্রথম হাসি প্রকল্প’ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। কর্মশালায় জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা প্রান্তিক মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন। স্থানীয়দের নানা সমস্যা অ্যাপে যুক্ত করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে তুলে ধরা হবে। সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, অধ্যক্ষ বাবুল আক্তার, সাংবাদিক মাইদুল ইসলাম মুকুল, জোহা সুজন ও আশিকুর রহমান এতে বক্তব্য দেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

ইয়াবা তৈরির কাঁচামালসহ গ্রেফতার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গত বৃহস্পতিবার রাতে মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে এক হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। র‌্যাবের দাবি, তারা দীর্ঘ দিন ধরে ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। ঢাকা জেলা প্রতিনিধি।

মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতিতে মো: তাছিন (২০) নামের এক আলেম পরীক্ষার্থী শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে গণধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতা ও বিরোধের জেরে চরগাজী ইউনিয়নের রাশেদা আক্তার নামে এক গৃহবধূ তাছিনকে হয়রানি করছেন। শিক্ষার্থীর বাবা জানান, ঘটনার পরের দিন ওই গৃহবধূ ও তার স্বামী স্থানীয়দের কাছে জাহিদ ও পরিচিত-অপরিচিত ছয়জন মিলে ধর্ষণের কথা বলেন। তবে ঘটনার ২২ দিন পর গত ২০ জুলাই আগের আসামিদের বাদ দিয়ে শুধু তাছিনকে আসামি করে আদালতে নতুন মামলা দায়ের করেন। স্থানীয়দের মতে, আগের বক্তব্যের সাথে মামলার এজাহারের কোনো মিল নেই। রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, আদালতের নির্দেশে মামলা নেয়া হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার (১১) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের বিদ্যা মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সঙ্গীদের সাথে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় লামিয়া। কিন্তু সবার অগোচরে তলিয়ে গেলে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ ভেসে ওঠে। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ থানার ওসি মো: হাফিজ উল্লাহ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি।

আকস্মিক ট্রেন থামিয়ে উধাও চালক

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে রাজশাহীগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে হঠাৎ উধাও হয়ে যান চালক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চালক চালকের আসন ফেলে উধাও হলে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা স্টেশনে হট্টগোল শুরু করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ ১ ঘণ্টা ৭ মিনিট পর রাত ৭টা ১৫ মিনিটে চালক মাহবুবুর রহমান ফিরে এলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। তবে উধাও হওয়ার কারণ সম্পর্কে চালক কোনো মন্তব্য করতে রাজি হননি। মোবারকগঞ্জ রেল স্টেশনমাস্টার শাহজাহান আলী জানান, ট্রেন আসার পর সিগনাল দিলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে অনুসন্ধানে চালককে পাওয়া যায়নি। পরে তিনি ফিরে এলে ট্রেন ছেড়ে যায়। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

ছাত্রীর সাথে শিক্ষকের আপত্তিকর ভিডিও

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে অনৈতিক আচরণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন জানান, ঘটনাটি ছড়ানোর পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেয়া হবে। জলিলুর রহমান বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন এবং এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন মাস আগেই স্কুল থেকে ছাড়পত্র (টিসি) দেয়া হয়েছিল। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।

উপজেলা ভবনের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দফতর দ্রুত সরকারি গেজেট অনুযায়ী নয়াবাড়ি মৌজায় নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা নবী হোসেনের সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জানান, উপজেলার আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে প্রশাসনিক সেবা পেতে নয়াবাড়ি মৌজায় সদর দফতর স্থাপন জরুরি। এতে কান্দিপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি দূর হবে। সমাবেশ শেষে হাত ব্যানার-ফেস্টুন নিয়ে আমাটিয়া বাজারের প্রধান সড়কে একটি প্রতিবাদ মিছিল প্রদক্ষিণ

করে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।