আল জাজিরার
উত্তর কোরিয়ার আকাশসীমায় বেআইনি ড্রোন অভিযান চালানোর অপরাধে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলার বিবরণ অনুযায়ী, প্রসিকিউটররা আদালতে প্রমাণ করতে সক্ষম হন যে ২০২৪ সালে উত্তর কোরিয়ার আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে ইউন সরাসরি জড়িত ছিলেন। তাদের দাবি, ওই অভিযানের মূল উদ্দেশ্য ছিল কৃত্রিমভাবে একটি জাতীয় নিরাপত্তা সঙ্কট তৈরি করা, যেন দেশে সামরিক আইন জারির পক্ষে পরিস্থিতি তৈরি করা যায়। উত্তর কোরিয়ার অভিযোগ ছিল, দক্ষিণ কোরিয়ার পাঠানো ওইসব ড্রোন থেকে তাদের ভূখণ্ডে উসকানিমূলক প্রচারপত্র ছড়ানো হয়েছিল, যার ফলে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রসিকিউশন পক্ষ যুক্তি দেয়, এই কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।
অবশ্য ইউন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের দাবি, উত্তর কোরিয়ার পক্ষ থেকে অনবরত আবর্জনাবাহী বেলুন পাঠানোর প্রতিক্রিয়া হিসেবেই কেবল ওই পদক্ষেপ নেয়া হয়েছিল এবং এর সাথে সামরিক আইন ঘোষণার কোনো সম্পর্ক ছিল না। এর আগে অবশ্য সামরিক আইন জারির প্রচেষ্টাকে কেন্দ্র করে দায়ের হওয়া পৃথক এক মামলায় বিদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগে ইউনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত।



