২০২৭ প্রেসিডেন্ট নির্বাচন

সমর্থন নিশ্চিত করতে ৩৬ হাজার মেয়রের দ্বারস্থ মেলঁশোঁ

Printed Edition

মোহাম্মদ মাহবুব হোসাইন ফ্রান্স থেকে

২০২৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আগাম প্রচারণা শুরু করেছেন বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ। লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই) দলের প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা সম্প্রতি ফ্রান্সের প্রায় ৩৬ হাজার মেয়রের কাছে ব্যক্তিগতভাবে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি তার প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রয়োজনীয় পারেনাজ (মনোনয়ন সমর্থন) দেয়ার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল বিএফএম টিভির সূত্র মতে, ফ্রান্সের প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে অন্তত ৫০০ জন নির্বাচিত জনপ্রতিনিধির সমর্থন বা পারেনাজ সংগ্রহ করতে হয়। এই নিয়মটি ১৯৭৬ সাল থেকে কার্যকর রয়েছে।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জঁ-লুক মেলঁশোঁ মোট ৯০৬টি পারেনাজ সংগ্রহ করতে সক্ষম হলেও, সেই সমর্থন আদায়ের প্রক্রিয়া ছিল বেশ কঠিন। অনেক নির্বাচিত প্রতিনিধি রাজনৈতিক চাপ কিংবা বিতর্ক এড়াতে পারেনাজ দিতে অনীহা প্রকাশ করেছিলেন। ফলে পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ব্যাপক প্রচেষ্টা চালাতে হয়েছিল।

তবে ২০২২ সালের পর রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে এলএফআইয়ের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে মেলঁশোঁ শুরুতেই প্রায় ১৫০ থেকে ২০০টি সম্ভাব্য পারেনাজের ভিত্তি পেতে পারেন। তারপরও প্রয়োজনীয় ৫০০টি সমর্থন নিশ্চিত করা সহজ হবে না বলেই মনে করছেন তিনি।