নিজস্ব প্রতিবেদক
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানে এই দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।
গতকাল র্যাংক ব্যাচ পরিধানের পর লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতরসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ ছাড়া আইএসপিআর জানায়, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এই র্যাংক ব্যাচ পরিধানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
অন্য দিকে সেনাবাহিনীর আরো দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
এই দুই সেনা কর্মকর্তার মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসি করা হয়েছে।
এ ছাড়া সেনাসদরের একটি পরিদফতরের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালই প্রথম সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। মন্ত্রীদের দফতর বণ্টনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের হাতেই রেখেছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টার দিকে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তিনি বলেন, এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।



