পাহাড়ধসের শঙ্কায় মাইকিং

চট্টগ্রামে দুই দিন ধরে অতিভারী বৃষ্টি : ২৪ ঘণ্টায় ২০৬ মিমি

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মৌসুমি নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামজুড়ে গত দুই দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২০৬.২ মিলিমিটার এবং টাইগারপাসের অদূরে আমবাগানের পর্যবেক্ষণ কেন্দ্র একই সময়ে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে আমবাগান কেন্দ্রে গতকাল বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে কেন্দ্রটি জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে নাগরিক দুর্ভোগ বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অফিস আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। একই সাথে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রামে পাহাড়ধসেরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। নগরীর কাতালগঞ্জসহ বিভিন্ন স্থানে রাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তবে সকালের দিকে পানি নেমে যায়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের স্বল্পতায় স্কুলগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের গলদঘর্ম অবস্থা ছাড়াও বাড়তি ভাড়া গুনতে হয়েছে।

পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং : এ দিকে পাহাড়ধসের আশঙ্কায় পাদদেশে বসবাসকারীদের সরে যেতে রোববার রাত থেকেই মাইকিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রশাসন সূত্র জানিয়েছে, বাকলিয়া সার্কেলের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে মতিঝর্ণা পাহাড় এলাকার লোকজনকে সচেতন করা ও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়। রাস্তায় মাইকিং চালু আছে। এর সাথে সাথে স্থানীয় মসজিদে এ-সংক্রান্ত ঘোষণা প্রচার করার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতি ওয়াক্তে আজানের কিছু পর পরই সচেতনতামূলক ঘোষণাটি প্রচারিত হবে বলেও সূত্র জানায়। এ ছাড়া হাটহাজারীর জঙ্গল দক্ষিণ পাহাড়তলী মৌজায় সেকান্দর কলোনি, ঠান্ডাছড়ি, সন্দ্বীপ কলোনি এলাকায় মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সচেতন করা হচ্ছে। চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলীর ১ নম্বর ঝিল, ২ নম্বর ঝিল, ৩ নম্বর ঝিল এবং বিজয় নগরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সচেতনতামূলক মাইকিং চলমান রয়েছে বলেও সূত্র জানায়।

চট্টগ্রামের আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান নয়া দিগন্তকে জানিয়েছেন, আরো চার/পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে, মাঝে বিরতিও থাকতে পারে। তিনি জানান, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। গতকাল চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত ছাড়িয়েছে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি : আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।