রাঙ্গামাটি প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে শিক্ষা ও পর্যটনের সমন্বয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাসে ‘মিনি ট্যুরিজম হাব’ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বুধবার রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান এই পরিকল্পনার কথা জানান।
ভিসি বলেন, কাপ্তাই হ্রদ ও পাহাড়বেষ্টিত রাবিপ্রবি ক্যাম্পাস নিজেই একটি দর্শনীয় স্থান। এখানে আধুনিক ও পরিকল্পিত সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা রাঙ্গামাটির পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার সুযোগ করে দেবে। বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এখানে সরাসরি ব্যবহারিক শিক্ষা পাবে। এ ছাড়া হাবের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, খাবার ও হস্তশিল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে, যা পাহাড়ের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এটি হবে একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন মডেল।
অনুষ্ঠানে আসন্ন ‘জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬’-এর বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের পথচলায় পার্বত্য অঞ্চলে এটিই প্রথম জাতীয় পর্যায়ের ট্যুরিজম কনফারেন্স।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ৭০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপিত হবে। ১৬ জানুয়ারি দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি থাকবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সমাপনী দিনে কী-নোট স্পিচ ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাবিপ্রবি ব্যবসায় অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ। আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন ও ‘মিনি ট্যুরিজম হাব’ উদ্যোগটি বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে।



