জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন গাজীপুরের ডিসি

Printed Edition
গাজীপুরের ডিসির হাতে সদস্যপদের চিঠি তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ  : নয়া দিগন্ত
গাজীপুরের ডিসির হাতে সদস্যপদের চিঠি তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করীম ভূঁইয়া জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদ পেয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক কর্মশালায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও সাংবাদিক নেতারা তার হাতে সদস্যপদের চিঠি তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা জানান, সাংবাদিকতা পেশায় সম্পৃক্ততা এবং গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সদস্যপদ দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব, শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

প্রশাসনে যোগদানের আগে মো: নূরুল করীম ভূঁইয়া সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বও দেন।

জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: নূরুল করীম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিশু অধিকার, শিশুশ্রম ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার বিকল্প নেই।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো: কামাল উদ্দিন সবুজ, প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, তথ্য যাচাই, নৈতিক প্রতিবেদন, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিয়েবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের আওতায় গাজীপুরের তিনটি সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত তিনটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।